ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বৃদ্ধা আয়েশা বেগমকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জারুইলতলা রেলগেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত ইমাম হুসাইন তামজিদ খানের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, ৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ডাকঘরের অন্তর্গত পাইকপাড়া (বাংলাবাড়ি) গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ রয়েছে, মাদকের টাকার জন্য ৮০ বছর বয়সি আয়েশা বেগমকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাসুদেব ইউনিয়ন যুবদলের সভাপতি সুহেল ভূঁইয়া, ব্যবসায়ী নাজমুল খান, মো. হেলিম মিয়া, বাবুল খান, জসিম উদ্দিন, জাহাঙ্গীর প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।