ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও এতে যোগ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গ্রামের একটি সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধে রূপ নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

এর জেরে সোমবার বিকালে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের সঙ্গে নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”