ব্রাহ্মণপাড়ায় চার বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক দ্বীন ইসলাম উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর গ্রামের বাসিন্দা। জানা যায়, বুধবার বিকাল চারটার দিকে অভিযুক্ত যুবক শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে জঙ্গলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই যুবককে আটক করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। বৃহস্পতিবার শিশুটির বাবা মামলা করেন। এদিকে কুমিল্লার মেঘনায় আট বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম খলিল ওরফে শ্যামল নামে যুবক গ্রেফতার হয়েছে। সে গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়তে যেত। বুধবার বিকালে অভিযুক্তের মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যায় ওই যুবক। সেখানে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে শিশুটি দৌড়ে নিজ বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর ‘ম্যাডাম এসেছেন’ বলে শিশুটিকে আবার বাড়িতে ডেকে নিয়ে পুনরায় ধর্ষণের চেষ্টা করে। ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা রাতে মামলা করেছেন। মামলার পরপরই অভিযুক্ত শ্যামলকে গ্রেফতার করা হয়।