বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে ঘিরে মজার স্ট্যাটাস, ট্রল আর খুনসুটিতে সামাজিক যোগাযোগমাধ্যম জমিয়ে তুলেছেন দেশের তারকারা। কেউ ব্রাজিলকে খোঁচা দিচ্ছেন, কেউ আবার আর্জেন্টিনার হয়ে আগেভাগেই উদযাপন শুরু করেছেন।
ফুটবল এলেই যেন তারকাদের আরেক রূপ দেখা যায়। অভিনয়, গান কিংবা উপস্থাপনার ব্যস্ততার মাঝেও বিশ্বকাপ নিয়ে তাদের উচ্ছ্বাস থেমে নেই। এবারও ব্যতিক্রম নয়।
ব্রাজিল সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ একের পর এক মজার পোস্ট দিয়ে আলোচনায়। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, “ছাতা-বালতি সব নিয়ে নেমেছি! বৃষ্টি-বন্যা যাই হোক, আর্জেন্টিনার পাশে আছি।”
এরপর মেসিকে নিয়ে রসিকতা করে লিখেছেন, “পেনাল্টি মিস করার পর মনে হয় ফিফা এখন ফ্রি-কিক দেওয়াই শুরু করেছে! এভাবে তো গোল্ডেন বুটও দিয়ে দেবে।” এমনকি এআই দিয়ে মেসির সঙ্গে নিজের একটি ছবিও বানিয়ে লিখেছেন, “ভাই যেহেতু বলছে, কাজ হয়ে যাবে।”
অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম নিজের পর্যবেক্ষণে লিখেছেন, “মেসি ও এমবাপ্পে দুজনই আগের আসরের মতো ছন্দে আছেন।” তার বিশ্বাস, এবার হয়তো শিরোপাটা এমবাপ্পের হাতেই উঠতে পারে।
অভিনেত্রী মালাইকা চৌধুরী শুটিংয়ের ব্যস্ততার মাঝেও খেলা মিস করেননি। রাতভর ম্যাচ দেখে সকালে ক্লাসে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, “ম্যাচের জন্য জেগে ছিলাম, এখন ক্লাসের জন্য জেগে আছি। তোমাদের দিন কেমন যাচ্ছে?”
আর্জেন্টিনার নকআউট ম্যাচ সামনে রেখে ব্রাজিল সমর্থক কুদ্দুস বয়াতীও ছুড়ে দিয়েছেন মজার মন্তব্য। তার ভাষায়, “জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।”
অন্যদিকে, ব্রাজিলের পরের প্রতিপক্ষ জাপানকে সামনে রেখে অভিনেত্রী দীপা খন্দকার প্রশ্ন ছুড়ে দেন, “ব্রাজিল কি চাপে আছে?” তার পোস্টের মন্তব্যের ঘর অবশ্য আত্মবিশ্বাসী ব্রাজিল সমর্থকদের দখলে। অনেকেই লিখেছেন, “ব্রাজিলই জিতবে।”
ব্রাজিলের সমর্থক হলেও ফুটবল নিয়ে খুব বেশি সরব নন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি বরং নিজের নতুন নাটক ‘তোমার আমার প্রেম’–এর সাফল্য নিয়েই ব্যস্ত। পোস্টে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এক দিনেই নাটকটি প্রায় ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন।
আর্জেন্টিনা সমর্থক অভিনেতা খায়রুল বাসার অবশ্য রীতিমতো ফর্মে আছেন। মেসির গোল নিয়ে লিখেছেন, “মেসি আসবেন আর গোল হবে না—এটা তো বেমানান। তাই এক গোল করেই থেমেছেন। অল্পতেই কাজ হলে অতিরিক্ত ভয় দেখানোর দরকার কী!”
আরেক পোস্টে আর্জেন্টিনার জার্সি পরে নিজেকে মেসির ‘বিকল্প’ ঘোষণা করে মজা করে লেখেন, “আজ নাকি মেসি বসে থাকবে। ততক্ষণ আমার নেমে যেতে হবে মেসি হয়ে। আর্জেন্টাইন সমর্থকদের পাশে নিয়ে আজ থাকলাম লাওতারো- ডি পল- এনজো - এমি মার্টিনেজদের সাথে।”
আবার আর্জেন্টিনার ম্যাচের দীর্ঘ বিরতি নিয়েও তার আক্ষেপ, “কি এক দামী দল সাপোর্ট করি! তাদের এক ম্যাচ দেখার পর আরেক ম্যাচ দেখার জন্য প্রায় ১ বছর অপেক্ষা করতে হয়। কি এক কঠিন ব্যাপার! এর চেয়ে ওয়ার্ল্ড কাপের জন্য ৪ বছর অপেক্ষা করা সহজ। অপেক্ষার আক্ষেপ মেটাতে নিজেই খেলা শুরু করে দিলাম...শুরু করলাম বাস্কেটবলে লাথি দিয়ে!”
চিত্রনায়িকা পূজা চেরিও নিজের সমর্থনের কথা জানিয়েছেন আবেগঘন ভাষায়। তিনি লিখেছেন, “প্রতিটি গোল, প্রতিটি চোখের জল, প্রতিটি বিজয়ের মধ্যে দিয়ে আজীবন আর্জেন্টিনার সঙ্গেই আছি। ভালোবাসা সবসময়।”
বিশ্বকাপের লড়াই এখন মাঠে যতটা, সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন ঠিক ততটাই। আর সেই লড়াইয়ে তারকারাও নিজেদের প্রিয় দলের হয়ে রীতিমতো ‘ফর্মে’ আছেন।








