ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারো জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন—সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এমন জোরালো ইঙ্গিত মিলেছে। দীর্ঘ বিরতির পর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নতুন আলোচনা।
২০১৫ সালে বড়পর্দায় অভিষেকের পর ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান পরীমণি। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে এই সিনেমার ‘ডানাকাটা পরী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
এরপর ধীরে ধীরে নিজেকে গ্ল্যামারনির্ভর অভিনেত্রীর গণ্ডি থেকে বের করে অভিনয়নির্ভর শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।
সবশেষে তাকে বড়পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন বাস্তবতার কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কিছুটা কমে যায়।
এদিকে, সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমণি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমণি নিজের ফেসবুক পোস্টে লেখেন, “সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি এগেইন”।
এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। ধারণা করা হচ্ছে, বহু বছর পর আবারো জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। যদিও নতুন প্রজেক্ট নিয়ে এখনই মুখ খুলতে নারাজ জাজ মাল্টিমিডিয়া কিংবা পরীমণি।








