এক দশকের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতীয় তারকা দম্পতি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলো। এখন আনুষ্ঠানিক বিচ্ছেদের দিকে আগাচ্ছেন এই তারকা যুগল। রিয়েলিটি শো লক আপের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার পর্বে এসব তথ্য নিশ্চিত করেছেন আকাঙ্ক্ষা। খবর ইন্ডিয়া টুডের। 

রিয়েলিটি শোয়ে আকাঙ্ক্ষা বলেন, “আমি আর গৌরব বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। কিন্তু বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।” 

গৌরবের সঙ্গে তিক্ত সম্পর্ক নয় বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা। বিষয়টি পরিষ্কার করে এই অভিনেত্রী বলেন, “গৌরব ও আমার মধ্যে তিক্ত কোনো সম্পর্ক নেই। আমরা এখনো পরস্পরের সঙ্গে কথা বলি। জীবনসঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। কারণ ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা সম্পূর্ণ আলাদা। আর দুর্ভাগ্যজনকভাবে সেই ভবিষ্যতে আমরা একসঙ্গে নেই।” 

সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করেছিলেন গৌরব-আকাঙ্ক্ষা। গৌরব যখন ‘বিগ বস ১৯’-এর ঘরে ছিলেন, তখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছিল। দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেন, যদি সম্পর্কটা আবার আগের মতো হয়। বাইরে থেকে তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, একে অপরকে সমর্থনও করেছেন। কিন্তু তাদের অনুভূতি ছিল, তারা আর স্বামী-স্ত্রীর মতো জীবন কাটাচ্ছেন না বলে মত আকাঙ্ক্ষার।

বিবাহবিচ্ছেদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গৌরব। ‘বিগ বস ১৯’-এর ঘরে থাকাকালীন এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে খোলামেলা কথা বলেন। গৌরব বলেছিলেন, “আমার বিয়ের ৯ বছর হয়ে গেছে। কিন্তু আমাদের কোনো সন্তান নেই। কারণ আমি আমার স্ত্রীর ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছি। একটা সময় পর্যন্ত আমি সন্তান চেয়েছিলাম, তারপর সে চায়নি। আমি তার দিকটা বুঝতে পেরেছিলাম। একবার কাউকে ভালোবাসলে, সেই সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতেই হয়, তাই না?”

কয়েক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন গৌরব-আকাঙ্ক্ষা। ২০১৬ সালের ২৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। কানপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। 

‘খতরো কে খিলাড়ি ১৫’–তে দেখা যাবে গৌরব খান্নাকে। অন্যদিকে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন আকাঙ্ক্ষা।