দুই বছর আগে মুক্তি পাওয়া ওয়েব নাটক ‘ভ্যানিশিং ম্যান’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

ইতোমধ্যে নাটকটি প্রায় ৬০ লাখ দর্শক দেখেছেন। ইউটিউবে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি মন্তব্য। তবে গল্প কিংবা নির্মাণের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা নবাগত অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি।

দর্শকদের মতে, জারবীনির স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি এবং হাসি নাটকটিকে আরও উপভোগ্য করে তুলেছে। ইউটিউবের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম স্বাভাবিক, কোনো অতিরঞ্জন নেই। আরও নাটকে দেখতে চাই।’ আরেকজনের মন্তব্য, ‘মেয়েটিকে চরিত্রে দারুণ মানিয়েছে। অভিনয়ও ছিল পরিমিত।’

দর্শকদের এমন ভালোবাসায় আপ্লুত জারবীনি। তিনি বলেন, ‘নাটকটি মুক্তির পর থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তা আমার কল্পনারও বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মন্তব্য পড়ে সত্যিই খুব ভালো লাগছে। সবাই এত প্রশংসা করছেন যে আমি নিজেই লজ্জা পাচ্ছি। নতুন একজন শিল্পী হিসেবে এটি আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।’

যদিও অভিনয়ে তিনি একেবারে নতুন নন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সেই লক্ষ্যেই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন। তবে অভিনয়ের প্রতিও আগ্রহ থাকায় শেষ পর্যন্ত শোবিজে পথচলা শুরু করেন।

এর আগে নির্মাতা নাজমুল হুদা ইমন পরিচালিত ‘কুড বি আস!’ এবং ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ প্রথমবার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। উল্লেখ্য, প্রথম কিস্তিতে জারবীনি থাকলেও পলাশের বিপরীতে দেখা গিয়েছিল সাফা কবিরকে।

এ প্রসঙ্গে জারবীনি বলেন, ‘জানতাম সিক্যুয়ালে আমি থাকব। কিন্তু কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পাব, সেটা ভাবিনি। শুটিংয়ের এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। তখন যেমন উচ্ছ্বসিত হয়েছিলাম, তেমনি কিছুটা নার্ভাসও ছিলাম। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক যখন কাজটি পছন্দ করতে শুরু করলেন, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়েছে।’

নির্মাতা নাজমুল হুদা ইমনও নাটকটির সাফল্যে সন্তুষ্ট। তিনি বলেন, ‘প্রথম কিস্তি ভালো সাড়া পেয়েছিল। তবে সিক্যুয়ালটি দর্শকদের কাছ থেকে আরও বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। বিশেষ করে পলাশ ও জারবীনির জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। নতুন শিল্পী হিসেবে জারবীনি খুবই আত্মবিশ্বাসী অভিনয় করেছে।’

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ ও জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজী, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম।

 

এলআইএ