যশোরের অভয়নগরে ব্রাজিলের খেলা চলাকালীন বিদ্যুৎ না থাকায় একটি উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। এসময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করা হয়।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদুল ইসলাম মেহেদী।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিং চলাকালে ৪০-৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করেন। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোন লুট করে নিয়ে যান।

মেহেদুল ইসলাম আরও বলেন, ওই সময় ব্রাজিলের খেলা চলছিল। আর উপকেন্দ্রের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মিলন রহমান/এসআর/এএসএম