পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন জনাকীর্ণ হয়ে পড়ায় কথাটা তাই চলে আসছে। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা অন্য ব্যবস্থা নিয়েছে।

সংবাদ সম্মেলন কক্ষে জাপানি সাংবাদিকদের সংখ্যা ছিল বেশি। যাঁদের মধ্যে অনেকেই কিছুক্ষণ আগের সংবাদ সম্মেলন শেষ করেও বের হতে পারেননি। তাতে করে ব্রাজিলিয়ান সাংবাদিকদের কনফারেন্স রুমের বাইরে অবস্থান করতে হয়। অথচ তাঁদের সংবাদ সম্মেলনে থাকার অনুমতি ছিল। এমনকি ব্রাজিলিয়ান সাংবাদিকদের দাঁড়িয়ে থাকারও সুযোগ মেলেনি। ভিড় কমাতে ফিফা জাপানি সাংবাদিকদের কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে যেতে বলে। তাঁদেরকে ব্রাজিলের সংবাদ সম্মেলন টিভিতে দেখার পরামর্শ ফিফা দিয়েছে বলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদন থেকে জানা গেছে।

ব্রাজিল যে কক্ষে সংবাদ সম্মেলন করেছে, সেই কক্ষের ধারণক্ষমতার চেয়ে বেশি সাংবাদিক ছিলেন সেখানে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওসের সাক্ষাৎকার শেষ হলে আয়োজক কর্তৃপক্ষ জাপানি সাংবাদিকদের কক্ষ ছেড়ে যেতে অনুরোধ করে। বাইরে অপেক্ষারত সাংবাদিকদের ভেতরে ঢোকার সুযোগ দিতেই এমনটা করা হয়েছে।

জাপান কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলের বিপক্ষে ইতিহাস বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন সংবাদ সম্মেলনে। যেখানে এখন পর্যন্ত ১২ বারের মুখোমুখি দেখায় জাপান একবারই হারিয়েছে ব্রাজিলকে। জাপানের সেই জয়টা এসেছে গত বছর প্রীতি ম্যাচে। আর বিশ্বকাপে দুই দল একবারই ২০০৬ সালে মুখোমুখি হয়েছে। সেবার গ্রুপ পর্বে ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল জাপানের বিপক্ষে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য কে কী বলছেন, সেদিকে কর্ণপাত করছেন না। তবে আজ হিউস্টনে নেইমারকে জাপানের বিপক্ষে নকআউট পর্বে বেশি সময় খেলাবেন বলে জানিয়েছেন। কদিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমার ৭৫ মিনিটে মাথিয়াস কুনিয়ার বদলি হিসেবে নামেন। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে নামার পর মায়ামির গ্যালারিতে হই চই পড়ে যায়।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ বত্রিশের ম্যাচ। জাপানকে হারালে সেলেসাওদের শেষ ষোলোতে প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় ডালাসে হবে নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ।