অবিস্মরণীয় এই দিনটি রোনালদো হয়তো কোনোদিন ভুলতে চাইবেন না। বিশ্বকাপে প্রথমবারের মত নকআউট রাউন্ডে গোল করেছেন তিনি। এছাড়াও, সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউটে গোল করার রেকর্ডও গড়েন।
ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর কানাডার টরন্টো স্টেডিয়ামে আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তিনি গ্যালারিতে থাকা নিজের ‘ব্রাজিলিয়ান’ বোন কাতিয়া আভেইরোকে নিজের জার্সি উপহার দেন।
মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথে রোনালদো গ্যালারির দিকে ইশারা করে কারও সঙ্গে কথা বলেন। এরপর তিনি নিজের জার্সিটি একজন ব্যক্তির হাতে তুলে দিয়ে ইশারায় দেখিয়ে দেন সেটি যেন নির্দিষ্ট একজনের কাছে পৌঁছে দেওয়া হয়।
রয়টার্স-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে ভাইয়ের জার্সি হাতে উচ্ছ্বাস প্রকাশ করছেন কাতিয়া আভেইরো। ৪৮ বছর বয়সী কাতিয়া আভেইরো ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় বোন। তিনি একজন ব্যবসায়ী ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব (ইনফ্লুয়েন্সার)। জন্মসূত্রে পর্তুগিজ হলেও ২০১৭ সালে তিনি ব্রাজিলে চলে যান এবং বর্তমানে ব্রাজিলের গ্রামাদো, সেরা গাউশা অঞ্চলে বসবাস করছেন। এ কারণেই তাকে অনেক সময় ‘ব্রাজিলিয়ান’ বোন বলে উল্লেখ করা হয়।
এর আগে বৃহস্পতিবার কাতিয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হন, যখন তিনি বলেন যে ২০২৬ বিশ্বকাপই সম্ভবত পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তিনি বলেন, 'আমার যতদূর মনে হয়, সবাই এখন তাকে বিদায় জানাতে পারে।'
আরআর/এসকেডি/জেআইএম








