মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় যুব দলের মেন্টর করা হয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট না ছাড়ায় জাতীয় পর্যায়ের কোনো দলের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। তাই আপাতত মেন্টরের ভূমিকাতেই দেখা যাবে তাকে।
এবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সে কারণেই বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে তাকে যুক্ত করা সম্ভব নয়। তারপরও বাংলাদেশের ক্রিকেটে তার বিশাল অবদান, দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য গৌরবোজ্জ্বল সাফল্য, আত্মনিবেদন, পরিশ্রম, অধ্যবসায় এবং দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় যুব দলের মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
খুব শিগগিরই তিনি জাতীয় যুব দলের মেন্টর হিসেবে কাজ শুরু করবেন। যেহেতু তিনি এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাননি, তাই তার দায়িত্ব যাই হোক না কেন, তার পদবি থাকবে ‘মেন্টর’।
এরই মধ্যে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, মাহমুদুল্লাহ রিয়াদ নাকি বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হচ্ছেন। খবরটি ক্রিকেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। এটি কেবল গুঞ্জন, নাকি এর পেছনে সত্যতা রয়েছে—তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
আসলেই কি মাহমুদুল্লাহ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হচ্ছেন? বিষয়টি জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বোর্ড সূত্র জাগো নিউজকে জানায়, মাহমুদুল্লাহ রিয়াদকে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় যুব দলের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য একটি টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মেন্টর হিসেবেও তাকে পাঠানোর চিন্তাভাবনা করছে বিসিবি।
গত দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ দল এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন আঞ্চলিক বয়সভিত্তিক দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল, একাডেমি ও হাই পারফরম্যান্স ইউনিটের সমন্বয়ে একটি দল অংশ নিয়ে আসছে। যেখানে পাকিস্তানের যুব দলটি ‘পাকিস্তান শাহিন’ নামে অংশগ্রহণ করে। সেই টুর্নামেন্টেই এবার মাহমুদুল্লাহ রিয়াদকে প্রধান মেন্টর হিসেবে পাঠানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
তবে যেহেতু তিনি এখনো ক্রিকেট ছাড়েননি, এবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলছেন, তাই এই অবস্থায় তার বাংলাদেশ ‘এ’ দল কিংবা জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে মেন্টরের ভূমিকায় তাকে দেখা যাবে। ভবিষ্যতে যদি তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানিয়ে পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সঙ্গে পরবর্তী সময়ে চুক্তিতে যেতে পারে।
কিন্তু এই মুহূর্তে তাকে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দেখার সম্ভাবনা কম। তবে হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে যে দলটি আগামী মাসে অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে যাবে, যে দলটি শক্তির বিচারে অনেকটাই বাংলাদেশ ‘এ’ দলের সমমানের হবে, সেই দলের প্রধান মেন্টর হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের সফরে যাওয়ার বিষয়টি একরকম চূড়ান্ত।
এআরবি/এসকেডি/জেআইএম








