বিশ্বকাপে দল হিসেবে না থাকলেও সমর্থনের উন্মাদনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস বারবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভালোবাসার প্রতিধ্বনি এবার শোনা গেল ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকারের কণ্ঠেও। জাপানের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন আলিসন। টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থন করার জন্য। আমি বাংলাদেশের সমর্থকদের অনেক ভিডিও দেখেছি। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”আলিসনের এই বার্তা মুহূর্তেই বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। দীর্ঘদিন ধরে ব্রাজিলকে ঘিরে বাংলাদেশের যে আবেগ ও উন্মাদনা, তারই যেন এক আন্তরিক স্বীকৃতি মিলল সেলেসাও গোলরক্ষকের কথায়। শুধু আলিসনই নন, জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে সমতায় ফেরানো মিডফিল্ডার কাসেমিরোও ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান। দূরদেশের ভক্তদের এমন অকুণ্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এর আগে একইভাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছিলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশের মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।”এদিকে, শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল নকআউট পর্বে মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে।