আগামী রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে বুরকিনা ফাসো, মালি ও নাইজারের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাইজারের রাজধানী নিয়ামে-তে সাহেল রাষ্ট্র জোটের (Alliance of Sahel States) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আমন্ত্রণ পৌঁছে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ বলেন, আগামী অক্টোবরে মস্কোতে তৃতীয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপনাদের নেতাদের জানাতে বলেছেন যে, তিনি বুরকিনা ফাসো, মালি এবং নাইজারের প্রেসিডেন্টদের এই সম্মেলনে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
আরও পড়ুন>>
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
তিনি জানান, এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদেরও নিজ নিজ দেশের প্রতিনিধিদলের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
ল্যাভরভ আরও বলেন, শীর্ষ সম্মেলনের পাশাপাশি একটি অর্থনৈতিক ও মানবিক ফোরামেরও আয়োজন করা হবে। সেই ফোরামে সাহেল অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা করছে রাশিয়া।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, সাহেল জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
সূত্র: তাস
কেএম








