নরওয়ের পুলিশ আন্তর্জাতিক এক অভিযানে শিশু যৌন নির্যাতনের ভিডিও ও ছবি কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতটি দেশ থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ জুলাই) নরওয়ের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা (ক্রিপোস) জানায়, অভিযুক্তরা ডার্ক ওয়েবে থাকা একাধিক অনলাইন ফোরামে প্রবেশের জন্য ক্রিপ্টোকারেন্সি মনেরো ব্যবহার করে অর্থ পরিশোধ করতেন। এসব ফোরামে শিশু যৌন নির্যাতনের ভিডিও ও ছবি আদান-প্রদান করা হতো।

ক্রিপোসের পুলিশ প্রসিকিউটর তেরিয়ে নেদ্রেবো মিকেলসেন জানান, শনাক্ত হওয়া ব্যবহারকারীদের গ্রেফতারে নরওয়ে ছয়টি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

চলতি বছরের জুনের শুরুতে পরিচালিত এই অভিযানে নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও জার্মানি থেকে ২২ থেকে ৫৪ বছর বয়সী ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনায় আরও অনেক সন্দেহভাজন রয়েছেন। ফলে অতিরিক্ত কয়েকটি দেশেও ভবিষ্যতে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

ক্রিপোস জানায়, ২০২৫ সালে তারা বিশেষ কিছু মামলায় মনেরো ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্ত করার একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে, যা এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে ইউরোপোল এক বিবৃতিতে জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের একজন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অবৈধ শিশু নির্যাতনের কনটেন্ট তৈরি করছিল। এছাড়া আরেক সন্দেহভাজনের ক্ষেত্রে ভুক্তভোগীদের মধ্যে তার নিজের পরিবারের শিশুরাও ছিল।

অভিযানের ফলে তিনজন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ইউরোপোল।

এছাড়া অভিযানে ৪৬০টিরও বেশি আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ডিভাইস, ক্রিপ্টো ওয়ালেট, মাদক এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ডোপিং-সংশ্লিষ্ট পদার্থ।

সূত্র: এএফপি

এমএসএম