ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল প্রযুক্তির প্রসার এবং গবেষণার ফলকে বাস্তব প্রয়োগে কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর স্লোপ স্টাবিলাইজেশন ইউজিং ভেটিভার গ্রাস’ এবং ‘ভেটিভারভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং ফর স্লোপ স্টাবিলাইজেশন : অ্যা প্র্যাকটিক্যাল গাইডলাইন ফর বাংলাদেশ’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর সেমিনার কক্ষে ‘একাডেমিয়া-শিল্প সহযোগিতা ও বই প্রকাশনা’ অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। সামুদা কনস্ট্রাকশন লিমিটেড ও রাইজের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাঙ্গন, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরামর্শক প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রাইজের পরিচালক ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, গবেষণাকে বাস্তব প্রকৌশল সমাধানে রূপ দিতে বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা জরুরি। বই দুটির রচয়িতা অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রথম বইটিতে ভেটিভার প্রযুক্তির বৈজ্ঞানিক ভিত্তি, প্রকৌশল নীতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কারিগরি নির্দেশিকা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বইটি বাংলাদেশের ভৌগোলিক, জলবায়ুগত ও প্রকৌশলগত বাস্তবতা বিবেচনায় প্রস্তুত করা হয়েছে।








