রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাকিব (২৮)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
রাকিব ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আবু রায়হান বলেন, ‘সকালে বৃষ্টির সময় আমি কর্মস্থলে যাওয়ার সময় দেখি রেললাইনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, বাসে আগুন
রাকিবের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয় জানিয়ে রায়হান বলেন, ‘রাকিব সদ্য অনার্স সম্পন্ন করেছিলেন। তিনি আজ গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন একটি চাকরির উদ্দেশ্যে। সে আশা আর পূর্ণ হলো না তার।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এএসএম








