চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) কার্যকাল এখনো শেষ হয়নি। তবে এরই মধ্যে ছাত্রত্ব হারিয়েছেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। সম্প্র্রতি তার স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তার অধ্যয়ন সম্পন্ন হয়েছে। জানা গেছে, ইতিহাস বিভাগ থেকে ৩.৯৬ সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। গত বছরের ১৫ অক্টোবর চাকসু নির্বাচন হয় এবং ২৩ অক্টোবর নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেন। সে হিসাবে বর্তমান সপ্তম কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হতে এখনো প্রায় সাড়ে তিন মাস বাকি। এদিকে, কিছুদিন আগেই ছাত্রত্ব শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলামের। নিয়মিত শিক্ষার্থী না থাকায় তারা সিনেট অধিবেশনেও অংশ নিতে পারেননি। সাঈদ বিন হাবিব বলেন, চাকসুর গঠনতন্ত্র অনুযায়ী তফসিল ঘোষণার দিন পর্যন্ত কেউ নিয়মিত শিক্ষার্থী থাকলে এবং নির্বাচিত হলে পরবর্তীতে কার্যকাল শেষ হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, গঠনতন্ত্রে শপথ গ্রহণের পর থেকে এক বছরের মেয়াদের কথা উল্লেখ রয়েছে। সে হিসাবে দায়িত্ব পালনে কোনো বাধা দেখি না।








