শপথ গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটি। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান চলচ্চিত্র গ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। পরে সভাপতি কার্যকরী কমিটির বাকি ১৪ সদস্যকে শপথ পাঠ করান। 

১৫ সদস্যের নতুন কমিটিতে সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহ-সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি এবং প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী দায়িত্ব পেয়েছেন। 

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো. ফারুক হোসেন তানভীর। 

শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

সংস্থার আগের সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি এবং সহ-সভাপতি আবু হেনা বাবলু গত ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন। তাদের অকালমৃত্যুর পর সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকআপ ম্যান সমিতি, অঙ্গসজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারী চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতির প্রতিনিধিরা।