ভাইয়ের স্বপ্ন পূরণে নিজের ভবিষ্যৎ বিসর্জন দেয় ছোট বোন। অন্যদিকে, বেকার প্রেমিককে ভালোবেসে পরিবারের চাপে অসহায় হয়ে পড়ে এক তরুণী। দারিদ্র্য, পারিবারিক টানাপড়েন ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’।
হৃদয়স্পর্শী গল্পের এই নাটক খুব শিগগির ইউ টার্ন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটির গল্প ও ভাবনায় রয়েছেন রিপন খান। রচনা ও পরিচালনা করেছেন হৃদয় জাহান। প্রযোজনা করেছেন মো. মাহবুব আলম।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রিপন খান, আঁখি চৌধুরী, নাওমি, রেবেকা রউফ, লিপু মামা, হাবিব খান, রাজা হাসান, সায়মন তারিক, মিলন প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন আর ডি রাহুল। প্রধান সহকারী পরিচালক স্বপ্নীল, রূপসজ্জায় জাকির হোসেন এবং প্রোডাকশন ম্যানেজার শাহিন।
গল্পে দেখা যাবে, ভাইকে প্রতিষ্ঠিত করতে ছোট বোন নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতেও প্রস্তুত হয়। একপর্যায়ে ভাইয়ের কর্মসংস্থানের আশায় গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে নাবালিকা হয়েও রাজি হয় সে। বিয়ের বিনিময়ে পাওয়া অর্থ নিয়ে ভাই ঢাকায় পাড়ি জমায়।
অন্যদিকে, বেকার প্রেমিককে ভালোবাসায় পরিবারের আপত্তির মুখে পড়ে এক তরুণী। তার বাবা ধনী পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পারিবারিক চাপ ও প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণায় দুই তরুণীর জীবনেই নেমে আসে করুণ পরিণতি। সবকিছু গুছিয়ে গ্রামে ফিরে ভাই জানতে পারে, তার সবচেয়ে প্রিয় দুই মানুষ আর বেঁচে নেই। এই শোক তাকে মানসিকভাবে ভেঙে দেয়।
নির্মাতার ভাষ্য, ‘ভাইবোনের ভালোবাসা’ শুধু পারিবারিক গল্প নয়; এর মধ্য দিয়ে আবেগের বশে কিংবা তাড়াহুড়ো করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।







