জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এ অভিযোগে সেলফি পরিবহণের ছয়টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার প্রস্তুতি নেওয়ার সময় বাসটি পুরোপুরি থামার আগেই পরিবহণকর্মীরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

আফরিন জানান, তিনি সড়কে পড়ে যাওয়ার পরই তার পেছনে আরেকটি বাস চলে আসছিল। তবে সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সেলফি পরিবহণের স্টাফ সোহেল মাহমুদ বলেন, তাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি তারা জেনেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। সংশ্লিষ্ট বাস এবং দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।