সাহিত্যচর্চার চার দশকের গৌরবময় অভিযাত্রাকে স্মরণীয় করে রাখতে চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে। শনিবার বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করে আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের শিল্পীরা। পরে কবিদের কবিতা পাঠ এবং আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীরাও তাদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নাসিমা আনিস এবং চাঁদপুরের পুলিশ সুপার ও সাহিত্য একাডেমির সহ-সভাপতি মিজানুর রহমান। সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান। কাজী শাহাদাত, মির্জা জাকির প্রমুখ।