চান্দিনা উপজেলায় টাকার দাবিতে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে বাবার বাড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে চান্দিনা থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ভাই।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মহিচাইল গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে উম্মে হানীর (২১) সঙ্গে প্রায় চার মাস আগে একই উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহজামান ওরফে রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা কুমিল্লার নাজিরাবাজার এলাকায় বসবাস করতেন। মৃত্যুর সময় উম্মে হানী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই শাহজামান ওরফে রুবেল স্ত্রীর কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। টাকা দিতে অপারগতা জানালে উম্মে হানীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের ধারাবাহিকতায় ৫ জুলাই বাবার বাড়ি মহিচাইলে বেড়াতে আসার পর স্বামীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হলে সন্ধ্যায় স্ত্রী সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি নুরুজ্জামান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।








