চান্দিনায় রাতে দরজা ভেঙে সিএনজি চালককে আটক করেছে পুলিশ। এ সময় ওই সিএনজি চালক ফেসবুক লাইভে থাকায় মুহূর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার রাতে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সদস্যরা সিএনজি চালক, তার স্ত্রী ও সন্তানদের মারধর করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

আটক সিএনজি চালক মোহাম্মদ আলী মাধাইয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বলে দাবি করেন পুলিশ। তবে খোঁজ নিয়ে কৃষকলীগে মোহাম্মদ আলীর কোনো সদস্য পদ পাওয়া যায়নি। জানা যায়, শনিবার রাতে নাওতলা গ্রামের হাজী শাহ আলমের বাড়িতে যান পুলিশের একটি দল। তারা মোহাম্মদ আলীকে আটক করতে গেলে তিনি বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চান। এ সময় মোহাম্মদ আলী ফেসবুক লাইভে গিয়ে জানালা খুলে বাইরের লোকজনদের ভিডিও করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পুলিশ। মোহাম্মদ আলীর মেয়ে মরিয়ম বলেন, পুলিশ দরজা ভেঙে আমার বাবাকে ধরতে আসে। আমরা বাবাকে জড়িয়ে ধরলে পুলিশ আমার বাবা ও ভাইকে মারধর করে। ওসি আতিকুর রহমান জানান, পুলিশ দরজা ভেঙে আসামি আটক করার আইন আছে। ওই আইনেই দরজা ভেঙে তাকে আটক করা হয়। মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।