আকতার হোসেন নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরের পর ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার করিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শিক্ষক আকতার হোসেনকে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী শিক্ষক আক্তার হোসেন দাবি করছেন প্রধান শিক্ষকের নির্দেশে তার ওপর এই হামলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আকতার হোসেন জানান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ প্রায়ই অনিয়ম করায় তিনি প্রতিবাদ করতেন। সেই সময় তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে তার অনিয়ম চালিয়ে যান। আবার বর্তমান সরকার ক্ষমতায় এলে এখন নিজেকে বিএনপির নেতা দাবি করে সেই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষকের এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বিভিন্ন সময়ে আক্তার হোসেনকে নিজে এবং অন্য লোকজন দিয়ে পা ভেঙে ফেলা এবং পিটিয়ে হত্যা করার মতো হুমকি দিয়ে আসছে। তিনি দাবি করেন, সর্বশেষ ২৭ তারিখ আক্তার হোসেন স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে করিমপাড়া এলাকায় পৌঁছলে প্রধান শিক্ষক জাহিদ মাস্টারের নির্দেশে তারই ভাগিনা, ভাতিজাসহ ৬/৭ মিলে আক্তার হোসেনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে রাস্তায় ফেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আকতার হোসেনের ভাই রিয়াদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করি।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, বেধড়ক পিটুনিতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।








