আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। উপজেলার হরিপুর বাজারে বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন-হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।
সূত্র জানায়, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমানের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বিএনপি কার্যালয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিবিরোধী সভা চলাকালে সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত বাবলুর রহমান অভিযোগ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি হরিপুর বাজারে ছিলেন না। পূর্বের বিরোধের জের ধরে দলীয় কিছু নেতাকর্মীর মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ওসি মো. অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







