চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮ জন। একই সময়ে ডেঙ্গুজনিত জটিলতায় এক নারী মারা গেছেন।
রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ৯ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। তাদের মধ্যে পাঁচজন ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং একজন ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে একজন করে রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া নারী মরিয়ম বেগমের (৩১) বাড়ি নগরের পাহাড়তলী এলাকার কাজী জাহানারা কলোনিতে। তিনি গত ১০ জুলাই এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের মতে, তার মৃত্যুর প্রধান কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রোম ও মায়োকার্ডাইটিস।
আরও পড়ুন
চট্টগ্রামে বন্যার মধ্যে সাপের কামড়ে ৭৫ জন আহত
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৪৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮০ জন।
ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
এমআরএএইচ/কেএসআর








