চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক সোনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা মনোহরি বণিকের ছেলে। নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় তার একটি সোনার দোকান ছিল।
শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আটটার দিকে নিজ জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসিড পান করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমএএইচ








