চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাসের পাইপলাইন ফেটে রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে খুলশি থানার ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ৯৯৯ থেকে ফোন পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ‘গ্যাস লাইনের লিকেজ থেকে সড়কে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ফায়ার সার্ভিস জানায়, বেলা দেড়টার দিকে সড়কের পাশে নালার ভেতর ফেটে গিয়ে পাইপলাইন থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ওই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন।








