চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে। ২০২৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো ভবনটিতে আগুন দেওয়া হলো। স্থানীয়দের ধারণা, বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার ক্ষোভ থেকেই এবার ভবনটিতে আগুন দেওয়া হয়। ওই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা দেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, কয়েকজন লোক বাড়ির সানশেডে কিছু একটা রেখে তাতে আগুন দেয়। এতে সানশেডের একাংশ ও একটি পাইপ কালো হয়ে গেছে। স্থানীয়রা তৎপর হলে ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। পরে আমাদের টহল টিম সেখানে গিয়েছিল। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন শুক্রবার ফেসবুকে তাদের ভবনে অগ্নিকাণ্ডের বেশকটি ছবি যুক্ত করে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘আর কতবার? আমার পরিবারের বাড়িতে এটি প্রথম হামলা নয়। একের পর এক হামলার ঘটনা ঘটেছে। অথচ আজ পর্যন্ত আমি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।’

২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় সাবেক শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা হয়। ওই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে বাড়িটিতে কয়েকজন নিরাপত্তা কর্মী ছাড়া অন্য কেউ থাকেন না।