গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ‘রাজধানী পরিবহণ’ নামের একটি যাত্রবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসে। যাত্রী নামিয়ে চালক সোহেল রানা ও তার সহকারীরা দুপুরের খাবার খেতে যান। কিছুক্ষণ পর হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই এটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে।