গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী পরিবহনের একটি বাস ঢাকা থেকে নিয়ে আসা যাত্রী নামানোর পর মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়। কিছুক্ষণ পর বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগে আগুনে বাসের ভেতরে সম্পূর্ণ পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।