চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংস্থাটির দাবি, যন্ত্রাংশ হিসেবে আমদানির পর স্থানীয় একটি গ্যারেজে গাড়িটি পূর্ণাঙ্গ করা হয়েছিল। পুরোনো একটি বিএমডব্লিউ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সড়কে চলাচল করছিল গাড়িটি।
সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, মোংলা বন্দর দিয়েও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আনার ঘোষণার আড়ালে আরও চারটি বিলাসবহুল গাড়ির চালানে জালিয়াতি উদঘাটন করেছে সংস্থাটি।
সিআইআইডির চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ বিএমডব্লিউ গাড়িটি আটকের তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে নগরের আগ্রাবাদে সিআইআইডির আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি।








