চট্টগ্রামে মো. আকিজুল হক নামে এক যুবলীগ কর্মীকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নগরীর পাহাড়তলী থানাধীন রাশমনি ঘাটসংলগ্ন টোল রোডে দায়িত্ব পালনকালে এএসআই আমজাদ হোসেন ওই যুবলীগ কর্মীকে ছেড়ে দেন। আকিজুল পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডের ছিদ্দিক কমিশনার বাড়ির মোহাম্মদ আলীর ভাড়া বাসায় থাকেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি থানার বাসিন্দা। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তার মিছিল-মিটিংয়ের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।

সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ছিদ্দিক কমিশনার বাড়ির বড় পুকুরের সামনে আকিজুলকে আটক করে স্থানীয়রা। এ সময় তিনি একটি মাইক্রোবাসে ছিলেন। একপর্যায়ে টহল ডিউটি পালন করা থানার এএসআই আমজাদ হোসেন এগিয়ে আসেন। বাগ্বিতণ্ডার বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনে কথা বলার পর আকিজুলকে চলে যেতে বলেন পুলিশ। এ সময় অদৃশ্য কারণে তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ কিংবা তল্লাশি করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই আমজাদ হোসেন বলেন, টোল রোডে দায়িত্ব পালনকালে দুপক্ষের ঝামেলা সমাধান করে দিয়েছিলেন তিনি। থানার ওসির সঙ্গে কথা বলে দুপক্ষকে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে আকিজুলের রাজনৈতিক পরিচয় তিনি জানতেন না। এ বিষয়ে জানতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছারকে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।