লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেললাইনে আটকে পড়া নিজের ছাগল বাঁচাতে গিয়ে শনিবার (১১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে।নিহত শারমিন আক্তার উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী। লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। ওই ছাগল দুটি আনতে যান শারমিন। ছাগলের গলার রশি কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল। রশির প্যাঁচ ছাড়াতে শারমিন রেললাইনের ওপর ওঠেন। এ সময় ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।