ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করার আশায় একটি ছাগলকে জোরপূর্বক নল দিয়ে পানি খাওয়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বুধবারের এ ঘটনায় হাটের পাইকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বাঞ্ছারামপুরে রূপসদী উত্তর বাজারে ভূমি অফিসের পাশে বুধবার হাট বসে। সেখানে বিক্রির জন্য আনা একটি ছাগলকে জোর করে চেপে ধরে পানি খাওয়াচ্ছিলেন পাইকার চাঁন বাদশাহ ও তার সহযোগী শাহদাত। বিষয়টি ভূমি অফিসের পিয়ন আবদুল মোতালিব মোবাইলে ধারণ করে ফেসবুকে দিলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে একটি ছাগলকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ছাগলটি বাঁচার জন্য ছটফট করছে। এর মধ্যেই ছাগলটির মুখে জোরপূর্বক প্লাস্টিকের নল ঢুকিয়ে বালতি দিয়ে পানি ঢালা হচ্ছে। পশুর ওজন সাময়িকভাবে বাড়িয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতেই এই নিষ্ঠুর পথ বেছে নেয় তারা।
এ ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন সেরদাতুল ইসলাম বাদী হয়ে শনিবার ‘প্রাণী কল্যাণ আইন-২০১৯’ এর ৬(গ) ধারায় বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ‘ভিডিওটি দেখার পর বুকটা কেঁপে উঠেছে। শুধু আমি নই, পুরো বাঞ্ছারামপুরবাসী এই ঘৃণ্য কাজকে প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই।’ বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, পাইকার চাঁন বাদশাহ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।








