নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। একই কারণে পদ থেকে অব্যাহতি নিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ফলে একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ সৃষ্টি হতে পারে। এ কারণেই মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়।

একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার আলোকে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জানায়, সংগঠনের আদর্শ, নীতিগত অবস্থান এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের দায়িত্ব পালনকালীন অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করেছে সংগঠনটি।