‘ছাত্রদলে যোগ দিলে হলে সিট, নানা সুবিধা’-এমন স্ট্যাটাস দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল কর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহির শাহরিয়ার তানিম। তিনি ‘আরইউ-৭৩ (ঝিনাইদহ)’ নামের একটি গ্রুপে এই প্রলোভন দেখান। তানিম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ বর্ষের নবীন শিক্ষার্থী। তবে শাখা ছাত্রদল বলছে, তানিমকে তারা চেনেন না বা তাকে কখনো দেখেছেন কিনা সেটিও নিশ্চিত না।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসে আসার পর থেকেই তানিম ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এবং শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের অনুসারী। গত ৯ জুন ‘ঝিনাইদহ রাবি-৭৩’ নামে একটি মেসেঞ্জার গ্রুপে ‘তানিম রহমান’ ফেসবুক আইডি থেকে একটি বার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ‘যদি কেউ ছাত্রদলের রাজনীতিতে আগ্রহী থাক বা জাতীয়তাবাদী পরিবারের হও, কিছুদিনের মধ্যে ফরম ছাড়বে, পূরণ করতে পার। হল সুবিধাসহ বিভিন্ন সুবিধা পেতে পার।’ সঙ্গে সঙ্গে তার এই বার্তার প্রতিবাদ করেন গ্রুপে থাকা শিক্ষার্থীরা। যার প্রমাণও মেলে স্ক্রিনশটে। এদিকে ৯ জুনের ঘটনা হলেও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে স্ক্রিনশট শেয়ার হলে এটি জানাজানি হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রুপে থাকা এক শিক্ষার্থী বলেন, হ্যাঁ, মেসেজটি সে-ই (তানিম) দিয়েছিল। সঙ্গে সঙ্গে এক শিক্ষার্থী প্রতিবাদও করেছিল। গ্রুপে রাজনৈতিক কোনো নোটিশ দিতে মানা করলে তানিম দুঃখ প্রকাশও করে। ওই গ্রুপে থাকা আরেক শিক্ষার্থী বলেন, আমি নিজেও মেসেজটি দেখেছি। সেখানে ছাত্রদল করলে হল সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ ছিল। তবে কয়েকদিন পর তানিম মেসেজটি ডিলিট করে দেয় এবং পরে গ্রুপ থেকেও বের হয়ে যায়।

অভিযোগের বিষয়ে তানিম বলেন, কোনো কিছু জানার থাকলে আমি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আছি। সরাসরি এসে আমার সঙ্গে কথা বলেন। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমি তানিমকে চিনি না। তাকে কখনো দেখেছি কিনা সেটিও মনে পড়ছে না। সংগঠন থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর আমাদের ছাত্রদলের ফরম ছাড়ার কোনো তথ্য বা নির্দেশনা নেই আপাতত। ফরম পূরণ করবে কীভাবে।