সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এসএমপি কমিশনার কার্যালয়ের প্রধান ফটকের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের সক্রিয়তা দেখা যাচ্ছে বলে দাবি করেন তারা।
ছাত্রদলের নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের উদাসীনতা ও পরোক্ষ সহায়তার কারণেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।
তারা বলেন, বিগত সরকারের আমলে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন
ত্রাণ প্রতিমন্ত্রী / মূল্যবান বৃক্ষের চারা উৎপাদন-রোপণে বিশেষ গুরুত্ব দিতে হবে
কর্মসূচি থেকে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি চলাকালে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।
এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছে। এসময় তাদের নেতাকর্মীরা কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।
আহমেদ জামিল/এনএইচআর








