জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে গোপন সাংগঠনিক তৎপরতা, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং গণবিরোধী অবস্থানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চারটি ছাত্রসংগঠনের নেতারা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেনের কাছে অভিযোগপত্র জমা দেন জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
অভিযোগে বলা হয়েছে, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আশাদুল আলম শেখ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষার্থী ‘চ্যানেল ১৪’ নামক একটি ভুঁইফোঁড় পোর্টালে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন।
অভিযোগপত্রে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের পক্ষে যেকোনো ধরনের তৎপরতা চালানো গুরুতর অপরাধ। উক্ত শিক্ষার্থীর কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনের প্রত্যক্ষ লঙ্ঘন।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, আমরা অভিযোগপত্রটি পেয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে








