জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ, ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ জীবনধারাকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই রান ২০২৬: সিজন-২, রান ফর জাস্টিস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই হাজার শিক্ষার্থী ও রানার অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকে স্মরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করতেই এ আয়োজন করা হয়েছে। সীমিত সময় ও নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজকরা অংশগ্রহণকারী রানারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অনিবার্য কারণে যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদক, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নিরাপত্তাকর্মী, মিডিয়া প্রতিনিধি, স্পন্সর এবং অন্যান্য সহযোগীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন আয়োজকরা।

বিশেষভাবে বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত থাকতে না পারলেও ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. আবু শাদিকসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসুবিধা হয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত। অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের গঠনমূলক মতামতের ভিত্তিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমএএইচ/