বরিশাল নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ জুলাই) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন—বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক অবস্থান করে ছাত্রী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের অশালীন ভাষায় উত্ত্যক্ত করছেন, এমন অভিযোগ পেয়ে ডিবি তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। এ সময় ওই চারজনকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত একাধিক অভিভাবক তাদেরকে শনাক্ত করেন।
অভিযানের সময় উপস্থিত কয়েকজন অভিভাবক ডিবির তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, বিদ্যালয়ের সামনে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছিল। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, ডিবি চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্রীদের উত্ত্যক্ত বা হয়রানি প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযোগ পাওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”








