ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করতে নিয়মিতই নতুন গল্প বেছে নিচ্ছেন মডেল ও অভিনেত্রী মারিয়া শান্ত। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন ‘মনের মতো বউ’ শিরোনামের নতুন একক নাটকে। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নাটকটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। সাইফুল ইসলাম-এর কাহিনিতে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।এর আগে ‘হঠাৎ কোটিপতি’, ‘কঞ্জুস কাপল-২’, ‘বিয়ে করে ভুল করেছি’, ‘সুইট প্রেমিক’ এবং ‘কোটি টাকার চেয়ারম্যান’-এর মতো একাধিক নাটক নির্মাণ করে দর্শকের নজর কাড়েন মিতুল খান। তার নির্মাণশৈলীর প্রতি আস্থা রেখেই এবার এই নাটকে কাজ করেছেন বলে জানান মারিয়া শান্ত।নাটকটি সম্পর্কে অভিনেত্রী বলেন, দাম্পত্য জীবনের শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল নানা ঘটনার জন্ম দেয়। সেই বাস্তবতাকেই কেন্দ্র করে এগিয়েছে ‘মনের মতো বউ’-এর গল্প। তার বিশ্বাস, গল্প, চরিত্র ও নির্মাণ—সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে।বর্তমানে ‘মনের মতো বউ’-এর পাশাপাশি আরও কয়েকটি ভিন্নধর্মী নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মারিয়া শান্ত। চলতি বছরে ‘বোবা কান্না’, ‘শুধু কবিতার জন্য’, ‘বায়ান্ন পাতার প্রেম’, ‘সুখবিলাশ’ ও ‘সানগ্লাস’সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। রায়হান রাফী পরিচালিত ‘প্রেসার কুকার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মারিয়া শান্ত, যা তাকে চলচ্চিত্র অঙ্গনেও আলাদা পরিচিতি এনে দিয়েছে।