বিশ্বকাপের ডাগআউট যেন রূপ নিয়েছিল এক টুকরা আর্জেন্টিনায়! ৪৮ দলের এই মহাযজ্ঞে রণকৌশল সাজানোর দায়িত্বে ছিলেন ছয় আর্জেন্টাইন কোচ।

তবে মাঠের লড়াই যত জমে উঠছে, ডাগআউটের সেই আর্জেন্টাইন চাণক্যদের সংখ্যাটাও তত কমছে। গ্রুপ পর্ব আর নকআউটের শুরুর ধাক্কা সামলে সেই ছয় কোচের সংখ্যাটা এখন নেমে এসেছে চারে।

সবশেষ আজ সকালে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর বিদায় নিতে হয়েছে ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাচ্চেচেকে। শেষ ষোলোতে ওঠার মরণপণ লড়াইয়ে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে গেছে তাঁর দল।

বেকাচ্চেচের আগে অবশ্য টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন উরুগুয়ের অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা। এই দুজনের বিদায়ের পর বিশ্বকাপে টিকে আছেন আর চার আর্জেন্টাইন মাস্টারমাইন্ড—যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, প্যারাগুয়ের গুস্তাভো আলফারো ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

এই ছয় কোচের মধ্যে সবচেয়ে কঠিন ও হতাশাজনক সময় পার করেছেন বিয়েলসা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে নিয়ে তিনি গ্রুপ পর্বের বৈতরণীই পার হতে পারেননি।

৪৮ দলের বিশ্বকাপে রণকৌশল সাজানোর দায়িত্বে ছিলেন ছয় আর্জেন্টাইন কোচ

সেই তুলনায় বেকাচ্চেচের ইকুয়েডর বেশ ভালো ফুটবল খেলেছে। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ আসরে তারা জায়গাই পায়নি, আর কাতার বিশ্বকাপেও বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই।

সেই বৃত্ত ভেঙে বেকাচ্চেচের অধীন এবার ইকুয়েডর অন্তত গ্রুপ পর্বের বাধা টপকাতে পেরেছে। এমনকি শেষ বত্রিশের মঞ্চে তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর মতো বড় কীর্তিও গড়েছে।

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

বিয়েলসা ও বেকাচ্চেচে বিদায় নেওয়ার পর এখন স্বাভাবিকভাবেই চোখ থাকবে বাকি চার আর্জেন্টাইন কোচের ওপর। অবশ্য তাঁদের মধ্যে লিওনেল স্কালোনি, মরিসিও পচেত্তিনো কিংবা নেস্তর লরেঞ্জো—কারোরই এখনো শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়নি।

আর্জেন্টিনার অনুশীলনে স্কালোনি ও মেসি

আগামী শনিবার নকআউট পর্বের প্রথম পরীক্ষা দিতে হবে স্কালোনির আর্জেন্টিনাকে। সেদিন ভোর চারটায় কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। একই দিনে লরেঞ্জোর কলম্বিয়া লড়বে ঘানার বিপক্ষে। তারও আগে আগামীকাল সকালে শেষ ষোলোর লড়াইয়ে পচেত্তিনোর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া।

তাঁদের চেয়ে অবশ্য একধাপ এগিয়ে আলফারো। কেননা, তাঁর দল প্যারাগুয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমকটাও দেখিয়েছে তারা।

তবে আলফারোর সামনে এখন আরও কঠিন পরীক্ষা। শনিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর দল মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের শক্তিশালী ফ্রান্সের।

পেলে-মেসির যে রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে