প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ে করা বাতিল হওয়া গোল নিয়ে ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটির রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই কোচ ও খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছিল—বলের জন্য না গিয়ে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের পথ আটকে দিলে, বিশেষ করে গোলরক্ষকের ক্ষেত্রে, সেটি ফাউল হিসেবে বিবেচিত হবে।

শেষ ৩২-এর ম্যাচে জোনাথান তাহের গোলটি ভিএআরের সহায়তায় বাতিল করেন রেফারি, কারণ কর্নার থেকে বল আসার সময় জার্মান ডিফেন্ডার ভাল্ডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দিয়েছেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এটি ছিল বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানির প্রথম পরাজয়।

জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান সিদ্ধান্তটিকে "রসিকতা" বলে মন্তব্য করলেও কলিনা বলেন, ‘আক্রমণভাগের কোনো খেলোয়াড় যদি বল খেলার চেষ্টা না করে শুধু প্রতিপক্ষ, বিশেষ করে গোলরক্ষকের চলার পথ আটকে দেয়, তাহলে রেফারি এবং প্রয়োজন হলে ভিএআর হস্তক্ষেপ করবে। এ বিষয়ে কোচ ও খেলোয়াড়দের আগেই জানানো হয়েছিল।’

শনিবার শেষ ষোলোয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

এসকেডি/জেআইএম