অবিশ্বাস্য হলেও সত্যি, নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। তবে ইতিহাস পক্ষে থাকলেও নরওয়ের স্ট্রাইকার আরলিং হালান্ড ব্রাজিল ম্যাচ নিয়ে খুবই বাস্তবাদী। তার মতে, শেষ ষোলোয় ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুব বেশি দেখছেন না তিনি।

৫ জুলাই বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে প্রশ্নের জবাবে বিনয়ী সুরেই কথা বলেছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা নিয়ে হালান্ডের সোজাসাপ্টা মন্তব্য, “সম্ভাবনা খুবই ক্ষীণ।”

ব্রাজিল-নরওয়ে লড়াইয়ের ইতিহাস অবশ্য বেশ চমকপ্রদ। দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে। এরপর ১৯৯৭ সালের আরেকটি প্রীতি ম্যাচ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে হারায় নরওয়ে। বিশেষ করে ফ্রান্স বিশ্বকাপের সেই ২-১ গোলের জয় এখনো দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত। সর্বশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অর্থাৎ চার দেখায় ব্রাজিলের বিপক্ষে দুটি জয় ও দুটি ড্র—এখনো অপরাজিত নরওয়ে।

তবে অতীতের সেই পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন হলান্ড। তার মতে, বর্তমানের ব্রাজিল অনেক শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে।

হালান্ড বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে উঠেছি। সামনে দুর্দান্ত সব দলের মুখোমুখি হতে হবে, তাই কাজটা মোটেও সহজ হবে না। পরের ধাপে যাওয়া খুবই কঠিন হবে। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি এবং এখনো সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি।’

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে শুধু মূল পর্বেই নয়, এবার জায়গা করে নিয়েছে শেষ ষোলোতেও। তাই এই অর্জনকেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন দলের অধিনায়কত্ব করা এই তারকা ফরোয়ার্ড।

আবেগঘন কণ্ঠে হালান্ড বলেন, ‘এটা একটা ইতিহাস, অনুভূতিটা অবিশ্বাস্য। ২৮ বছর পর প্রথমবারের মতো আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছি, গ্রুপ পর্ব পেরিয়েছি, আর এখন নকআউট পর্বেও উঠে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি। এখন থেকে যা-ই হবে, সবই আমাদের জন্য বাড়তি প্রাপ্তি।’

নরওয়ে এর আগে তিনবার বিশ্বকাপে খেললেও দুবারই বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকে। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য তাদের সামনে। অন্যদিকে, অতীতের অপূর্ণতা ঘুচিয়ে প্রথমবারের মতো নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চাইবে ব্রাজিল।
ইতিহাস কি আবারও নরওয়ের পক্ষেই কথা বলবে, নাকি পুরোনো হিসাব মিটিয়ে শেষ আটের টিকিট কেটে নেবে সেলেসাওরা—সেই উত্তর মিলবে ৫ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

এসকেডি/জেআইএম