বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। গ্রুপ পর্বে দলটি নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি বলে মত অনেক বিশ্লেষকের। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন লামিনে ইয়ামাল। বরং তাঁর বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে স্পেন।

শেষ ৩২-এ স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। তার আগে স্প্যানিশ রেডিও কোপকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের কণ্ঠ যেন গোটা স্পেন দলের দৃঢ় বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে উঠল। ২০১০ সালের চ্যাম্পিয়নরা বিশ্বকাপের বাকি পথটুকুতে নিজেদের সেরা রূপ দেখাবে বলে একরকম হুশিয়ারিও দিয়ে রাখলেন এই উইঙ্গার।

চোটের কারণে গ্রুপপর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে পায়নি স্পেন। সৌদি আরবের বিপক্ষে প্রত্যাবর্তন হয় তাঁর। ফিরেই গোলের খাতায় নাম লেখান। সেই ম্যাচের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দ অনুভব করেছি। জীবনে কখনও এতটা খুশি হইনি। বিশ্বকাপ অন্য যেকোনো কিছুর চেয়ে সম্পূর্ণ আলাদা। আবার মাঠে ফিরতে পেরে আমি দারুণ আনন্দিত ছিলাম। আমি যখনই কোনো টুর্নামেন্টে খেলতে যাই, তখন মনে করি সেটি আমি জিতব। তাই আমার বিশ্বাস, এ বছর বিশ্বকাপটাও আমরা জিতব।’

স্পেনকে সেরা অবস্থানেই দেখছেন ইয়ামাল, ‘আমরা এখন কোন পর্যায়ে আছি? ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই। বিষয়টা হলো, আমি অনেক সময়ই ভালো খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে। গুরুত্বপূর্ণ হলো জয়। ভালো খেললে ম্যাচ শেষে নিজের রুমে গিয়ে খুশি থাকা যায়, কিন্তু হারলে বাড়ি ফিরতে হয় হতাশ হয়ে। এটা ঠিক, আমরা আরও ভালো খেলতে পারি। আমরা এখন যা দেখাচ্ছি, তার চেয়ে অনেক ভালো দল। কিন্তু বলুন তো, নেদারল্যান্ডসের মতো দারুণ ফুটবল খেলে বাড়ি ফিরে যাওয়া ভালো, নাকি প্যারাগুয়ের মতো খেলেও নিজের রুমে হাসিমুখে থাকা?’

দলের ভেতরের পরিবেশ নিয়েও আশাবাদী ইয়ামাল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের আরও ভালো খেলতে হবে। তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং নিজের ছন্দ খুঁজে পাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। সবাই ভালো অবস্থায় আছে। আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ আসল সময়টা এখন সামনে। এখন পর্যন্ত যা করেছি, সেগুলোর কোনো মূল্য থাকবে না। আমরা যদি ভালো খেলি, তাহলে এর আগে কী হয়েছে, সেটা কেউ মনে রাখবে না।’