গেলো কয়েকদিন ধরেই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ভাসছে। ইতমধ্যে বার্সার বিরুদ্ধে অভিযোগও করেছে অ্যাটলেটিকো। তবে এতদিন এ নিয়ে চুপ ছিল বার্সা। অবশেষে আলভারেজকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর ব্যাপারে প্রথমবারের মতো নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাদের তারকা স্ট্রাইকারকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই।
লাপোর্তা জানান, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সেরেজো এবং প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিলের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, নির্দিষ্ট অঙ্কের একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং বার্সেলোনা জানে, ম্যানচেস্টার সিটিতে থাকার সময় থেকেই আলভারেজের কাতালান ক্লাবে খেলার ইচ্ছা ছিল।
লাপোর্তা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অ্যাটলেটিকোর সঙ্গে কথা বলেছি এবং কী হচ্ছে, তা পরিষ্কার করেছি। আমরা নির্দিষ্ট অঙ্কের একটি প্রস্তাব পাঠিয়েছি। আমরা জানি, ম্যানচেস্টার সিটিতে থাকার সময় থেকেই আলভারেজের বার্সেলোনায় খেলার ইচ্ছা ছিল।’
তিনি জানান, সর্বোচ্চ সম্মান দেখিয়েই প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে অ্যাটলেটিকোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতে বিকল্প কোনো স্ট্রাইকার না থাকায় আলভারেজকে বিক্রির পরিকল্পনা নেই।
লাপোর্তার ভাষায়, ‘আমি সেরেজো ও মিগেল অ্যাঞ্জেল গিল—দুজনের সঙ্গেই কথা বলেছি। তারা আমাকে বলেছে, আলভারেজকে বিক্রির কোনো পরিকল্পনা নেই, কারণ তার বিকল্প হিসেবে তাদের কাছে অন্য কোনো স্ট্রাইকার নেই।’
তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি বার্সেলোনা। লাপোর্তা জানিয়েছেন, যদি ভবিষ্যতে অ্যাটলেটিকো নতুন কোনো স্ট্রাইকার দলে ভেড়াতে পারে, তাহলে তাদের প্রস্তাব কার্যকর থাকবে।
তিনি বলেন, ‘আমি তাদের জানিয়েছি, যদি তারা বিকল্প খুঁজে পায়, তাহলে আমাদের প্রস্তাব বহাল থাকবে। এই প্রস্তাব আমরা যতদিন প্রয়োজন মনে করব, ততদিন বহাল রাখব। তবে অ্যাটলেটিকো কী সিদ্ধান্ত নেবে, তার জন্য আমরা অনির্দিষ্টকাল অপেক্ষা করব না। তারা আমাদের অবস্থান জানে। যদি তারা রাজি হয়, তাহলে আমরা আনন্দের সঙ্গে চুক্তি সম্পন্ন করব।’
লাপোর্তা আরও বলেন, ‘এই মুহূর্তে তারা আলভারেজকে বিক্রি করছে না, কারণ তাদের হাতে বিকল্প নেই। আশা করি, তারা যদি একজন বিকল্প স্ট্রাইকার খুঁজে পায়, তাহলে বার্সেলোনার প্রস্তাব বিবেচনা করবে।’
তবে অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সেরেজো ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, ক্লাবের কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবই আসেনি। এমনকি প্রস্তাব এলেও আলভারেজকে বিক্রির প্রশ্নই ওঠে না। সেরেজো বলেন, ‘আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। আর এলেও হুলিয়ান আলভারেজ বিক্রির জন্য নয়।’
এসকেডি/জেআইএম








