ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে ভোরবেলা যশোর থেকে ঢাকাগামী ও সন্ধ্যায় ঢাকা থেকে যশোরমুখী আন্তঃনগর ‘প্রভাতী ট্রেন’ চালুর দাবি উঠেছে। এই দাবিতে সোমবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেগা প্রকল্প ‘ঢাকা-যশোর পদ্মা সেতু রেল লিংক’ চালু হলেও যশোরবাসী এর প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। প্রকল্পের নাম ঢাকা-যশোর রাখা হলেও সময়সূচি ও ট্রেনের সংখ্যার ক্ষেত্রে যশোরকে অবহেলা করা হয়েছে। বর্তমানে এই রুটে ট্রেনের যে শিডিউল, তা ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসাপ্রত্যাশী সাধারণ যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রয়োজনে যাদের দিনে গিয়ে দিনে ঢাকা থেকে ফিরতে হয়, একটি ভোরের ট্রেনের অভাবে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।