পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার জেরে পালটা ঘর পুড়ানো মামলায় ছেলে জেলে যাওয়ার খবর পেয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় ওই বৃদ্ধা নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান। বৃদ্ধার দেবর মজিদ সরদার জানান, ৭ জুন তার ভাতিজা হাসান সরদারকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় হাসানের বাবা ১০ জনের নামে থানায় মামলা করেন। এ মামলার জেরে আসামিরা উলটো নিজেরা নিজেদের ঘর পুড়িয়ে নিহত হাসানের পরিবারের সদস্যসহ ১২ জনের নামে ১৪ জুন দুটি মামলা করে। যার বাদী হত্যা মামলার প্রধান আসামির ভাই মিলন ও ২নং আসামি কুদ্দুসের স্ত্রী পারভীন আক্তার। এ মামলায় ২ জুলাই ওই বৃদ্ধার ছেলে সালামসহ অন্যরা জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সালাম সরদারের জেলে যাওয়ার খবর পেয়ে বুধবার তার মা স্ট্রোক করে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন সালামের স্ত্রী আনজু বেগম।