আশুলিয়া থেকে নিখোঁজ হয়েছেন ষাট দশকের চিত্র নায়িকা নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্ন বিলাশ থেকে নিখোঁজ হন। নিখোঁজের এত দিন পরেও পুলিশ তার কোন সন্ধান দিতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্র নায়িকা নাসিমা খান।

চিত্র নায়িকা নাসিমা খান শনিবার সাংবাদিকদের জানান, তিনি ও তার ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল ও কাজের ছেলে মেয়েসহ মোট চার জন স্বপ্ন বিলাশ-এর নিজ ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ছোট ছেলে কোনো কাজ না করলেও সুখেই চলছিল তার সংসার। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ সময় তিনি তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে যান। সেদিন থেকে আর বাসায় ফেরেননি কুশল। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে চিত্র নায়িকার নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছেন ঢাকা উত্তর ডিবি পুলিশ।